গণসংহতি-আন্দোলন-জোনায়েদ-সাকি-newsedge24

গণসংহতি আন্দোলন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯১টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে দলের নতুন কমিটির পরিচিতি এবং সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

গত ২ নভেম্বর গণসংহতি আন্দোলনের ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়েছে, যেখানে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাসান রুবেল।

অনুষ্ঠানে সাকি জানান, প্রগতিশীল, উদার মধ্যপন্থী দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। বিএনপির সঙ্গেও আলোচনা চলমান আছে। নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি মন্তব্য করে সাকি বলেন, ‘এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়। জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল।’

আরও পড়ুন: মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি

পৃথকভাবে, গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে। এই জোটের সাথে গণসংহতি আন্দোলনের সমন্বয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাম ও প্রগতিশীল ধারার ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এই মঞ্চের শরিকদের মধ্যে রয়েছে গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য এবং ভাসানী জনশক্তি পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *