পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
সিআইডি জানায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন, নথিপত্র ও ব্যাংক হিসাব পর্যালোচনার ভিত্তিতে অনুসন্ধান শুরু করে ঢাকার ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। অনুসন্ধানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের তথ্য উঠে আসে।
প্রাথমিক তদন্তে উঠে আসে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে স্থানীয় বাজার থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধ উপায়ে বিপুল অর্থ আয় করে আসছিল। এর অধিকাংশ লেনদেনের বৈধ উৎস বা সরবরাহকারী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় ডায়মন্ড ওয়ার্ল্ড।
সিআইডি জানায়, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এলসির (LC) মাধ্যমে বৈধভাবে ৩৮ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণবার, অলংকার, লুজ ডায়মন্ড ও অন্যান্য পণ্য আমদানি করে প্রতিষ্ঠানটি। একই সময়ে স্থানীয় বাজার থেকে ক্রয়, বিনিময় ও পরিবর্তন পদ্ধতিতে মোট ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণ ও হীরা সংগ্রহ করে—যার অধিকাংশেরই কোনো বৈধ নথিপত্র নেই। ফলে এগুলো চোরাচালানের মাধ্যমে দেশে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সিআইডি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, চোরাচালানের মাধ্যমে অর্জিত সম্পদ ও অপরাধলব্ধ অর্থের রূপান্তর ও ব্যবহার সংক্রান্ত তথ্য প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হওয়ায় গত ১৬ নভেম্বর মামলা দায়েরের অনুমোদন মেলে। পরে সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী-১৫) এর ৪(২)(৪) ধারায় মামলা নম্বর ৩০ দায়ের করা হয়।
আরও পড়ুন: আকুর বিল পরিশোধে বাংলাদেশের রিজার্ভ কমলো
মামলাটি সিআইডির তফসিলভুক্ত হওয়ায় তদন্তও সিআইডি পরিচালনা করবে। প্রতিষ্ঠানটির নথি, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































