আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার নির্বাচনে বিএনসিসিও (বাংলাদেশ নির্বাচন কমিশন সিকিউরিটি কো-অর্ডিনেশন সেল) নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি বডি ক্যামেরা, সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে। অপরাধ করে কেউ পার পাবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সকাল ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনে প্রশাসনের ও সরকারি বাহিনী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে এতে কোনো সন্দেহ নেই। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ১ লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, প্রায় ৫ হাজার কোস্ট গার্ড ও প্রায় ৬ লাখ আনসার মোতায়েন করা হচ্ছে।”
এ সময় তিনি আরও বলেন, “নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে।”
আরও পড়ুন: মব সহিংসতা অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে শুরু হয়েছে: ড. ইফতেখারুজ্জামান
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































