জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিলে সহায়তাকারীকে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে সরকার। আজ সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রানালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে পুরস্কারের অর্থ প্রদান করা হবে। তথ্য প্রদানকারীর গোপনীয়তা পুরোপুরি রক্ষা করা হবে।
এদিকে, দেশের জ্বালানি খাতে অস্থিরতা মোকাবিলায় সব পেট্রল পাম্পের তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের কর্মপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জ্বালানি তেল মজুত প্রতিরোধে ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। অবৈধ মজুতদার ও পাচারকারীদের নেটওয়ার্ক ভেঙে দিতে এবং বাজারে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই পুরস্কার ও ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































