ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক-newsedge24

তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৈঠকে উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে উপসাগরীয় অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থান তুলে ধরেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শন ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই গঠনমূলক ভূমিকাকে স্বাগত জানান এবং সুবিধাজনক সময়ে খলিলুর রহমানের তেহরান সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে খলিলুর রহমান হরমুজ প্রণালি দিয়ে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সহায়তা কামনা করেন। তিনি উল্লেখ করেন, ইরান যে ছয়টি দেশের জাহাজকে হরমুজ অতিক্রমের অনুমতি দিয়েছে, তার মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ঢাকা কৃতজ্ঞ।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বিষয়টি তাৎক্ষণিকভাবে অনুসরণের আশ্বাস দিয়ে বলেন, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গেও ‘বাংলার জয়যাত্রা’সহ আরেকটি জাহাজের নিরাপত্তা নিয়ে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন এবং ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের পর জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণসহ বিভিন্ন সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *