প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন-newsedge24

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা জানান।

এর আগে দিনের শুরুতে তিনজন নির্বাচন কমিশনারকে নিয়ে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি। একজন কমিশনার তখন বিদেশে অবস্থান করায় ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট ধরে চলা এই সাক্ষাতে দায়িত্ব গ্রহণ উপলক্ষে কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়। জবাবে রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনকে সুন্দর, শান্তিপূর্ণ ও দেশে-বিদেশে প্রশংসিত নির্বাচন হিসেবে উল্লেখ করেন এবং এ জন্য কমিশনকে অভিনন্দন জানান।

সিইসি জানান, বৈঠকে কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে যে জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনও একই পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালনার লক্ষ্য কমিশনের রয়েছে। জবাবে রাষ্ট্রপতি কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার ইচ্ছার প্রতি সমর্থন জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সিইসি আরও জানান, রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীও একই বিষয়ে আগ্রহী বলে তাঁদের অবহিত করা হয়েছে।

নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে সিইসি বলেন, প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। আচরণবিধি সংক্রান্ত নথি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে ফেরত এসেছে এবং এখন সংশ্লিষ্ট ম্যানুয়াল তৈরির কাজ বাকি রয়েছে। সচিবালয়কে সার্বিক প্রস্তুতি সম্পন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সবুজ সংকেত পেলেই কমিশন নির্বাচনী কার্যক্রম শুরু করবে বলে জানান তিনি।

আরও পড়ুন:  সরকারি অফিসে জাতীয় পতাকা ব্যবহার নিয়ে হাইকোর্টের রুল

তফসিল প্রসঙ্গে সিইসি বলেন, আইনি বাধ্যবাধকতার কারণে চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনও ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। দুই নির্বাচনের সময়সূচি যেন পরস্পরবিরোধী না হয়, তা নিশ্চিত করেই এগোতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা সম্ভব হবে, তবে নির্বাচন সম্পন্ন হতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *