স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপি ‘গায়ের জোরে’ নগর ভবন বন্ধ করে আন্দোলন চালাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে সোমবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাক হোসেনের সমর্থকরা ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। তাদের অভিযোগ, উপদেষ্টা আসিফ মাহমুদের বাধার কারণে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক শপথ নিতে পারছেন না।
আসিফ মাহমুদ তাঁর পোস্টে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধার ১০টি আইনি ও প্রশাসনিক জটিলতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, “এসব জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত শপথ সম্ভব নয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে গায়ের জোরে আদায়ের উদ্দেশ্যে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি করপোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।”
উপদেষ্টার উল্লেখিত ১০টি জটিলতা:
১. হাইকোর্টের রায় লঙ্ঘন করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের রায় প্রদান। ২. নির্বাচন কমিশনের শুনানিতে অংশ না নেওয়ায় একপাক্ষিক রায় এবং আপিল না করা। ৩. আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই এবং লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাতে গেজেট প্রকাশ। ৪. মামলায় স্থানীয় সরকার বিভাগের পক্ষভুক্ত না থাকা এবং রায়ে কোনো নির্দেশনা না থাকা। ৫. শপথ না দেওয়ার কারণে বিচারাধীন রিট পিটিশন। ৬. বরিশাল সিটি মামলায় ট্রাইব্যুনালের ভিন্ন অবস্থান। ৭. মেয়রের মেয়াদ সংক্রান্ত অস্পষ্টতা। ৮. নির্বাচন কমিশনের চিঠিতে আইনি জটিলতার উল্লেখ। ৯. আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা। ১০. আওয়ামী আমলের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন।
আসিফ মাহমুদ জানান, উচ্চ আদালতে বিচারাধীন এই জটিলতাগুলো নিরসন হলে শপথে কোনো সমস্যা নেই। তিনি ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলনকে ‘আক্রমণাত্মক ও অপমানজনক’ বলে সমালোচনা করে বলেন, “গোয়েন্দা সংস্থার তথ্য ও বিএনপির গ্রুপ নির্দেশনা অনুযায়ী দলীয় নেতা-কর্মীরাই এই কর্মসূচি চালাচ্ছেন, এটি সাধারণ জনগণের নয়।”







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































