বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে। সোমবার (২ জুন, ২০২৫) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এ কথা জানান। তিনি বলেন, এই সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে জনমনে স্বস্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।
বৈঠকে জামায়াতের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং মাওলানা রফিকুল ইসলাম খান অংশ নেন। তাহের জানান, তারা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন যে, মে ও জুন মাস আবহাওয়াগত কারণে নির্বাচনের জন্য উপযুক্ত নয়। তাই ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি সুবিধাজনক তারিখ ঘোষণা করা উচিত। তিনি আরও বলেন, “আমরা কোনো চাপ সৃষ্টি করছি না, শুধু পরামর্শ দিয়েছি।”
তাহের প্রবাসী ভোটারদের অধিকারের বিষয়টি উত্থাপন করে বলেন, “আমাদের প্রায় এক কোটি দশ লাখ প্রবাসী ভোটার রয়েছে। তাদের ভোটাধিকার নিশ্চিত করা সময়ের দাবি।” তিনি জানান, নির্বাচন কমিশন এ বিষয়ে নীতিগতভাবে একমত হলেও বাস্তবায়নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান নয়। তিনি সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে সমন্বয় ও ভোটকেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারের সক্রিয় উদ্যোগের আহ্বান জানান।
সংস্কার প্রসঙ্গে তাহের বলেন, “অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। জুলাইয়ের মধ্যে সংস্কার প্রক্রিয়া শেষ করে একটি ‘জুলাই সনদ’ তৈরি হবে, যাতে সব দল নীতিগতভাবে একমত হয়ে স্বাক্ষর করবে।” তিনি আশা প্রকাশ করেন, এই ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের পথ সুগম হবে।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































