দুর্নীতি দমন কমিশন (দুদক) মঙ্গলবার শেয়ার বাজারে কারসাজির অভিযোগে ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
মামলায় অভিযোগ আনা হয়েছে, সাকিব ও অন্য আসামিরা শেয়ার বাজারে কারসাজি করে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করেছেন। বিশেষ করে, আসামি মো. আবুল খায়ের (ওরফে হিরু) প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লি., ক্রিস্টাল ইন্স্যুরেন্স লি. ও সোনালী পেপারস লি.-এর শেয়ারে কারসাজির মাধ্যমে সাকিব আল হাসানকে প্রতারণাপূর্বক বিনিয়োগে প্রলুব্ধ করেন। এর মাধ্যমে সাকিব ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইন হিসেবে উত্তোলন করে আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার বাকি ১৪ আসামি হলেন: সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের (হিরু), কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।
দুদকের এই মামলার প্রেক্ষিতে সাকিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, সাকিব গত প্রায় এক বছর ধরে বিদেশে অবস্থান করছেন।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































