প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন। যমুনায় এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। এছাড়া, তিনি সকল প্রাথমিক বিদ্যালয়ে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপনের ওপর জোর দেন। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, “প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে অনেক বিনিয়োগ হয়েছে, কিন্তু শিক্ষার মান বৃদ্ধির মূল উদ্দেশ্য পূরণ হয়নি। আমরা স্কুলগুলোর মূল্যায়ন করে র্যাংকিং করছি। পিছিয়ে থাকা স্কুলের শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।”
তিনি জানান, মূল্যায়নে দেখা গেছে, যেসব স্কুলে শিক্ষার মান ভালো, সেখানে প্রধান শিক্ষকের যোগ্যতা ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই পদগুলো পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিধান রঞ্জন রায় আরও বলেন, “প্রধান শিক্ষক নিয়োগে যোগ্য প্রার্থী নির্বাচনে গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হতে হবে।”
আরও পড়ুন: শুভেচ্ছা নিদর্শন হিসেবে মোদী ও মমতাকে আম পাঠালেন ইউনূস
প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা এবং নারীবান্ধব অবকাঠামো নিশ্চিত করার বিষয়ে জানতে চান। তিনি বলেন, “স্কুল ভবন নির্মাণে কমিটিতে অন্তত একজন নারী স্থপতি রাখতে হবে, যাতে নারীবান্ধব অবকাঠামো নিশ্চিত করা যায়।”
সকল প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপনের নির্দেশনা দিয়ে ড. ইউনূস বলেন, “আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য ডিজিটাল সুবিধা অপরিহার্য। এটি শিক্ষার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































