সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “আপনারা যদি ভালো মানুষ না হন, তাহলে কখনোই দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব নয়।” শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিন দিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা এতে অংশ নেন। সম্মেলনের শেষে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কার প্রদান করেন সেনাপ্রধান।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “দেশের উন্নয়নের জন্য প্রথম যে জিনিসটি প্রয়োজন, তা হলো আমাদের ভালো মানুষ হওয়া।” তিনি উপস্থিত গবেষক ও পেশাজীবীদের উদ্দেশে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়া অপরিহার্য। তিনি তরুণ প্রজন্মকে প্রযুক্তির সঙ্গে নৈতিকতার সমন্বয় করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাত
এমআইএসটি’র আয়োজনে এই সম্মেলন প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের গবেষণা ও উদ্ভাবনের সক্ষমতা তুলে ধরে। সম্মেলনে অংশ নেওয়া আন্তর্জাতিক গবেষকরা বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের সঙ্গে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করেন। এমআইএসটি’র অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল বলেন, “এই সম্মেলন প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্বের কাছে তুলে ধরেছে।”



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































