পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চায় না এবং তরুণদের এ বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘বেঙ্গল ডেলটা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “স্বাধীনতার এত বছর পরও আমাদের সাংবিধানিক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা যায়নি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। শুধু দায়িত্বে যাওয়া মানেই রাজনীতি নয়, এটা আমাদের মনে রাখতে হবে।”
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, “রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হলে আগামী দশকেও এই অঞ্চলের মানুষকে ভুগতে হবে।” তিনি এই সংকটের টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন।
মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক মাজলি বিন মালিক বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরে এসেছে। সরকারের স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপের উদ্যোগ ইতিবাচক। এই সংস্কারগুলো শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের যেকোনো দেশের অগ্রগতির জন্য একটি লিটমাস টেস্ট হিসেবে বিবেচিত হবে।”
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এর প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভারদারাজান বলেন, “বাংলাদেশ তার ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে নতুন করে ভাবছে। ভারত ও বাংলাদেশের ওপর মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে, তা অর্থনৈতিক রূপান্তরের দিকে ইঙ্গিত করে।”
নেপালের সাবেক মন্ত্রী ড. দীপক গাওয়ালি জলবায়ু পরিবর্তনের প্রভাবের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “বাংলাদেশের তরুণরা, যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তাদের বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।”
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান উপস্থিত ছিলেন। সম্মেলনে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, এবং পরিবেশগত চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাজনৈতিক সংস্কার এবং তরুণদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































