রাজধানী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বেলা ২টার দিকে তেজগাঁও এর নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মী মিছিল করেন। মিছিলটি নাবিস্কো থেকে তিব্বত এলাকার দিকে এগিয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, এবং ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’—এসব স্লোগান দেন।
একই দিন ধানমন্ডি এলাকায়ও আওয়ামী লীগের কয়েকশত নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে। এর আগে, গত ৩১ আগস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাপা প্লাজা সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছিলেন।
আরও পড়ুন: আল-জাজিরার তথ্যচিত্রে শেখ হাসিনার গোপন কথোপকথন প্রকাশ
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, শুক্রবার সকালে জিএমি মোড় থেকে মিছিলের চেষ্টা হলে পুলিশ তা বন্ধ করে দেয়। এ সময় তেজগাঁও কলেজ ছাত্রলীগের নিয়ামুল হাসান নামে একজনকে আটক করা হয়। দুপুরে নাবিস্কো থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে। তিনি বলেন, “আমরা তাদের ধরার চেষ্টা করছি।”
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও এ ধরনের ঝটিকা মিছিল রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কঠোর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































