ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. জুলিয়াস সিজার তালুকদারের দায়ের করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সরদার আবুল হোসেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে জুলিয়াস সিজার তালুকদার ভিপি পদে প্রার্থী ছিলেন। গত ২৬ আগস্ট নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে, যেখানে জুলিয়াস সিজারের নাম ভিপি প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত ছিল এবং তার ব্যালট নাম্বার ছিল ২৬।
আরও পড়ুন: বাকেরকে সমর্থন করে মাহিন ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন
কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর সলিমুল্লাহ মুসলিম হলের হাউজ টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে জুলিয়াস সিজারের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আনেন। এই অভিযোগের বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হয়। ট্রাইব্যুনাল তার প্রার্থীতার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনে সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতে কমিশন জুলিয়াস সিজারের প্রার্থীতা ও ব্যালট নাম্বার বাতিল করে। পরে প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট দায়ের করেন তিনি, যা সোমবার খারিজ হয়ে যায়।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































