বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন চায় না বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “সব ধর্ম ও বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। আমরা সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চাই।” মঙ্গলবার জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ও শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়তে চাই। গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনআকাঙ্ক্ষা পূরণ করে আগামী দিনে শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।” তিনি জোর দিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে হবে এবং সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য বিএনপি দীর্ঘ সংগ্রাম করেছে। তিনি এই নির্বাচনকে গণতন্ত্র প্রতিষ্ঠার সফল পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেন।
তিনি রাজনৈতিক দল ও জনগণের মধ্যে কোনো বিভাজন না থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “কোনো দল যদি নির্বাচনে বাধা সৃষ্টি করে, জনগণ তাদের চিহ্নিত করবে এবং প্রত্যাখ্যান করবে।” গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দেশি-বিদেশি কিছু মহলের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “এই ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে।”
আরও পড়ুন: দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশের মানুষ এই পদ্ধতির বিপক্ষে। এটি ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে।”









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































