বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পারিবারিক রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন এবং দেশকে নিজের বাপের সম্পত্তি মনে করতেন। বুধবার (১ অক্টোবর) রাজধানীর পল্টন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
রিজভী অভিযোগ করেন, পূজার সময় পাহাড়ে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা সতর্ক রয়েছে, যাতে পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়।” তিনি আরও বলেন, “এতদিন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। এখনো সম্প্রীতি ভাঙার প্রচেষ্টা চলছে।”
আরও পড়ুন: দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
বিএনপির এই নেতা দাবি করেন, একটি দেশ শেখ হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। তিনি বলেন, “যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি, তারাই দেশ-বিদেশ থেকে দেশকে অশান্ত করতে নানা চক্রান্ত করছে। তবে হিন্দু-মুসলমান সবাই একসঙ্গে গণতন্ত্র ফেরানোর জন্য লড়াই করছে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































