বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সরকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে। পুরস্কারের পরিমাণ নির্ধারিত হয়েছে এলএমজি’র জন্য ৫ লাখ টাকা, এসএমজি’র জন্য দেড় লাখ টাকা, চায়না রাইফেলের জন্য এক লাখ টাকা এবং পিস্তল ও শটগানের জন্য ৫০ হাজার টাকা। এছাড়া, প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার ৫০০ টাকা।
লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































