বিএনপি-BNP-flag-newsedge4

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর গুলি হামলাকে ‘সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ’ বলে অভিহিত করে বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটি দাবি করেছে, এটি নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রমের নীলনকশা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, “শরিফ ওসমান হাদী শুক্রবার দুপুরে বিপথগামী দুস্কৃতিকারিদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই অমানবিক ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি।”

বিবৃতিতে বলা হয়েছে, এই আক্রমণ নিঃসন্দেহে নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তারের নীলনকশা। একটি কুচক্রী চক্র ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। পরিকল্পিতভাবে সমাজে ভয় ও আতঙ্ক ছড়িয়ে হীন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা চলছে।

বিএনপি বলেছে, “২০২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয়ের যাত্রাকে বাধাগ্রস্ত করতে এক কুচক্রী মহল দেশকে নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দিতে চায়। শরিফ ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়া সেই অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ।”

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বিবৃতিতে বলা হয়েছে, “নাশকতাকারিদের অন্তর্ঘাতমূলক কাজের বিষয়ে জনগণকে সদা সতর্ক থাকতে হবে। গণতন্ত্রের পথচলা রুদ্ধ করতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই।”

বিএনপি হাদীর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে। দলটি গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

জুমার নামাজের পর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তরা হাদীকে গুলি করে। গুলিটি তার মাথার ভেতরে রয়েছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *