বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন এবং দোয়া কামনা করেছেন। বুধবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (মানিক মিয়া অ্যাভিনিউ) লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাজার আগে তারেক রহমান বলেন:
“আমি মরহুমা খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজ এখানে উপস্থিত সব ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “একইসঙ্গে উনি জীবিত থাকা অবস্থায় উনার কোনো ব্যবহারে উনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত দান করেন।”
আরও পড়ুন: মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহত্তম জানাজা
তারেক রহমানের এই আবেগঘন বক্তব্যে উপস্থিত লাখো মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশি-বিদেশি অতিথিরা।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































