সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “আপিল বিভাগের আদেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওই দুই আসনের নির্বাচন পুরোপুরি স্থগিত করা হয়েছে, তা বলা যাবে না। আমরা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। সুপ্রিম কোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এ দুটি আসনের নির্বাচন স্থগিত থাকবে।”
গত ৫ জানুয়ারি আপিল বিভাগ পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি। তাতে সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।
এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার আবু সাঈদ হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে গত ১৮ ডিসেম্বর রায় দেন—পাবনা-১ থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২-এর সঙ্গে যুক্ত করার অংশটুকু আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন এবং আগের সীমানা পুনর্বহাল করে ২৪ ঘণ্টায় গেজেট প্রকাশের নির্দেশ দেন।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































