মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি সদর উপজেলার ঘটকচর এলাকায় ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘটকচর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকচালক, যাত্রী ও বাসের হেলপারসহ বেশ কয়েকজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়, যা নিহতের সংখ্যা ৭-এ উন্নীত করে।
তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন— মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের শাহ আলমের ছেলে রুমান (২৫), শহরের কলেজ রোডের ১ নম্বর শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে বাসের হেলপার পান্নু মুন্সি (৫০) এবং সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের জসিম বেপারির ছেলে ইজিবাইকচালক সাগর বেপারি।
মাদারীপুর মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































