এনসিপি-নাহিদ ইসলাম-newsedge24

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশের সংস্কার ও পরিবর্তনের যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ঘোষিত নতুন মন্ত্রিসভা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, ‘নতুনত্বের পরিবর্তে এই মন্ত্রিসভায় পুরনো রাজনৈতিক ও অর্থনৈতিক বন্দোবস্তের ধারাবাহিকতাই প্রতিফলিত হয়েছে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘মন্ত্রিসভা গঠনে আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হয়নি। দেশের প্রতিষ্ঠিত বেশ কয়েকটি জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী রাখা হয়নি, যা স্পষ্ট আঞ্চলিক বৈষম্যের ইঙ্গিত দেয়। মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল হয়নি; নারীর অংশগ্রহণ, ধর্মীয় সংখ্যালঘু ও বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বও পর্যাপ্ত নয়।’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে যে তারুণ্য দেশের রাজনৈতিক পথ দেখিয়েছে, সেই তারুণ্যনির্ভর বাংলাদেশের প্রতিফলন মন্ত্রিসভায় দেখা যায়নি। যদিও কিছু তরুণকে সুযোগ দেওয়া হয়েছে, তবু মন্ত্রিসভার গড় বয়স তুলনামূলক বেশি হওয়ায় নতুন নেতৃত্বের প্রত্যাশা পূরণ হয়নি।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘বিএনপির সংসদ সদস্যের প্রায় ৬২ শতাংশ সদস্য ব্যবসায়ী পেশার সঙ্গে যুক্ত। ব্যবসায়ী হওয়া অপরাধ নয়, কিন্তু বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন ছিল। অর্ধেকের বেশি ব্যবসায়ী হলে তারা ব্যবসায়িক স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী হবে, জনগণের স্বার্থ নয়। এসব ব্যবসায়ীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকের বিরুদ্ধে ঋণখেলাপি হওয়ার অভিযোগ রয়েছে।’

টিআইবির একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বিএনপির সংসদের প্রায় ৬২ শতাংশ সদস্যের সম্মিলিত ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা। দুর্নীতিবিরোধী অবস্থানের কথা বলা হলেও সংশ্লিষ্ট ঋণ কবে পরিশোধ করা হবে—এ প্রশ্ন জনগণের সামনে স্পষ্ট করা উচিত। দুর্নীতির বিরুদ্ধে লড়াই নিজের ঘর থেকেই শুরু করতে হবে—দল ও মন্ত্রিসভা থেকে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় বিদেশ থেকে বিশেষজ্ঞদের আনা হয়েছিল জাতীয় স্বার্থে। ভবিষ্যতেও তাদের অভিজ্ঞতা ব্যবহার করা যেতে পারে, তবে তা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত।’

আরও পড়ুন: মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: জামায়াত আমির

এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই গণআন্দোলনের পর জনগণ একটি সম্পূর্ণ নতুন ও দুর্নীতিমুক্ত মন্ত্রিসভা প্রত্যাশা করেছিল। কিন্তু ঘোষিত মন্ত্রিসভা সেই পরিবর্তন বা সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *