আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষীদের সাজা নিশ্চিত করা হবে। তবে যারা নিরপরাধ তারা হয়রানির শিকার হবেন না। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। আজ সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মো. আমিনুল ইসলাম বলেন, “এই ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পরে আমার কাছে মনে হয়েছে যে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। যেখানে আমাদের জুলাই বিপ্লবে যে সকল আত্মত্যাগ করেছেন, পঙ্গুত্ববরণ করেছেন, আমি মনে করি যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালে আমি কর্তব্য পালন করতে পারি। এই ট্রাইব্যুনালে যেসব বিচার চলমান আছে এবং আগামী দিনে যেসব মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে বিচারটা হয়।”
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন পুলিশের উচ্চ পর্যায়ে পরিবর্তন আসছে
তিনি আরও বলেন, “সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম আমার বন্ধু। তার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আজকে আমাকে দায়িত্ব অর্পণ করেছেন। এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। যেহেতু আজকে আমি প্রথম আসলাম। আমি দায়িত্ব পেলাম। এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমি দেখব।”







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































