ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে।’
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এজন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নাম ঠিক করতে বলা হয়েছে। তিনি বলেন, “বিএনপির পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করা হয়েছে, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে।”
আরও পড়ুন: দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সকলের সহযোগিতা আহ্বান প্রধানমন্ত্রীর
জুলাই অভ্যুত্থানের পর গঠিত জাতীয় সনদে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, “এটি সংসদে বিরোধী দলের ভূমিকা ও অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে।”
এই প্রস্তাবের পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সাড়া আসেনি। দলটির নেতৃত্ব এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































