পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতারের পূর্বে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আজকের এই ইফতার শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি আমাদের স্মরণ করিয়ে দেয় নানা জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্বের কথা। এই মূল্যবোধই একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনের ভিত্তি।”
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ সব সময় সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সমতাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার পক্ষে। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যখন সংঘাত, অস্থিরতা ও অর্থনৈতিক চাপ বাড়ছে, তখন সংলাপ, আলোচনা ও পারস্পরিক বোঝাপড়াই সবচেয়ে কার্যকর পথ। বাংলাদেশ সব সময় এই পথ অনুসরণ করে চলেছে এবং ভবিষ্যতেও করবে।
ইফতার অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক, রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কনসাল জেনারেলরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিবসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও অংশ নেন। প্রধানমন্ত্রী কূটনীতিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং রমজানের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। আমরা সকলের সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্ব চাই। আমাদের লক্ষ্য—একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে সকল দেশের সঙ্গে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































