পররাষ্ট্র উপদেষ্টা-হুমায়ুন কবির-newsedge24-Recovered

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, “ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। বর্তমান সম্পর্ককে ইতিবাচক দিকে নিতে হলে উভয়পক্ষকেই আন্তরিক হতে হবে। আমরা একটি ভালো শুরু চাই।” তিনি আরও বলেন, বিএনপি সরকার দেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করছে। জনগণের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকার আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে।

শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনা বলতে বাংলাদেশে এখন কিছু নেই। শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসীকে ফেরানো চ্যালেঞ্জিং। আইনি প্রক্রিয়ায় তার বিষয়টি আলোচনা হয়েছে।”

গত মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ভারতীয় দূতাবাস ঘেরাও এবং ভিসা কেন্দ্রের সামনে বিক্ষোভের ঘটনার পর ভারত বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ করে দেয়। বর্তমানে মেডিকেল ভিসা ও জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু সীমিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *