মির্জা ফখরুল ইসলাম আলমগীর-bnp-newsedge4

মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এ নদীর পানি হবে ঢাকার ভরসা।” সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকায় মেঘনা পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, ৫০ কোটি লিটার দৈনিক সক্ষমতার শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মিত হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।

তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে। দ্বিতীয় একটি অনুরূপ প্রকল্প বাস্তবায়িত হলে দৈনিক প্রায় ১০০ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে।

আরও পড়ুন: ঢাকাকে বসবাসযোগ্য করতে হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, অতীতে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছিল। এ সংকট মোকাবিলায় মেঘনা নদীর সারফেস ওয়াটার ব্যবহার করে শোধনের মাধ্যমে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি ঢাকা ওয়াসার কর্মকর্তাদের প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।

1 comment on “মেঘনা নদীর পানি হবে ঢাকার ভরসা: মির্জা ফখরুল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *