রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের এক বিশেষ ব্রিফিংয়ে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
আজ শনিবার (২০ জুন, ২০২৬) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্রিফিংয়ে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই খুঁজে বের করতে হবে। দীর্ঘ সময় ধরে এই সংকটের সমাধান না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি উল্লেখ করেন, সম্পূর্ণ মানবিক কারণে বাংলাদেশ প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন ধরে আশ্রয় দিয়ে আসছে। তবে এর ফলে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন: কৌশলগত ভারসাম্য রক্ষাই পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকটের একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ আহ্বান জানান রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। একই সঙ্গে তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য অনুকূল ও নিরাপদ পরিবেশ তৈরিতে বৈশ্বিক অংশীদারদের কূটনৈতিক তৎপরতা এবং রাজনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার করার অনুরোধ করেন।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































