ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এই ক্যাম্পাসজুড়ে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি নতুন ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া তিনি ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং একটি বিশেষ আলোচনা সভায় অংশ নেবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।
এদিকে, দেশের শীর্ষ এই চিকিৎসাবিজ্ঞান শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমনকে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা একটি ঐতিহাসিক মিলনমেলার সঙ্গে তুলনা করছেন। তারা আশা প্রকাশ করছেন, এই সফরের মাধ্যমে ঢাকা মেডিকেলের চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ও দূরদর্শী উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ এবং চিকিৎসকেরা এই সফরকে অত্যন্ত আবেগঘন ও আনন্দের বলে অবিহিত করেছেন। তারা বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা মেডিকেলের অবদান অবিস্মরণীয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন
ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থীরাও প্রধানমন্ত্রীর কাছে সরাসরি স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয়গুলো তুলে ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। উল্লেখ্য, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হওয়া ঢাকা মেডিকেল কলেজ বর্তমানে দেশের চিকিৎসাবিজ্ঞানের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চিকিৎসা শিক্ষা দিয়ে আসছে।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































