মঙ্গলবার (১ জুলাই ২০২৫) বেলা ৩টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এই সভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিরোজা থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিএনপি গঠিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটি’র উদ্যোগে এই আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এছাড়া, অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
বিএনপি জানিয়েছে, এই কর্মসূচি জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রাকে শক্তিশালী করার প্রত্যয়ে আয়োজিত হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার ১৬ বছরের শাসনের অবসান ঘটে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































