জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে পা বাড়ানোর চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে।” রোববার রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশে আর ফ্যাসিবাদকে দেখতে চাই না। যারা জনতার এই মনের ভাষা বুঝতে পারছে না, জনগণ ১২ ফেব্রুয়ারি তাদের এ ভাষা বুঝিয়ে দেবে। ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি। ফ্যাসিবাদের শেকল উৎপাটন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে।”
চাঁদাবাজিকে ভিক্ষার চেয়ে নিকৃষ্ট বলে মন্তব্য করে তিনি বলেন, “জামায়াত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না। চাঁদাবাজদের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে সহ্য করা হবে না।”
নারীদের নিরাপত্তা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি
নারীদের উপেক্ষা করে দেশ গড়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলবে। ঘরে-বাইরে নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্মজীবী নারীদের জন্য ইভনিং বাস সার্ভিস চালু করা হবে। মায়েদের ইজ্জতের মূল্য জীবনের চেয়ে বেশি। কোনো লম্পটের জায়গা বাংলাদেশের জমিনে হবে না। জিরো টলারেন্স।”
আরও পড়ুন: আমরা ঐক্যের বাংলাদেশ চাই: জামায়াত আমির
সকাল থেকেই ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় ভরে যায় রাজধানীর অন্যতম এই প্রবেশদ্বার। দুপুরে সমাবেশ মঞ্চে হাজির হন জামায়াতের আমির। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জনগণকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
জামায়াতের এই জনসভা আসন্ন নির্বাচনের আগে দলের জন্য একটি বড় সমাবেশ হিসেবে দেখা হচ্ছে।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































