গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট। আগামী শনিবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি পালিত হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে ১১ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, “সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার।” হামিদুর রহমান আযাদ আরও বলেন, “১১ দলের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।”
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
১১ দলীয় ঐক্য জোটের নেতারা মনে করেন, বর্তমান সরকার গণভোটের রায়কে উপেক্ষা করে সংবিধান সংশোধনের পথে হাঁটছে। এ কারণে তারা রাজপথে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবারের সমাবেশকে তারা আন্দোলনের প্রথম ধাপ হিসেবে দেখছেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































