রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে আকস্মিকভাবে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে প্রতিটি বিভাগের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন তারেক রহমান। স্পারসো চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা ও চলমান প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে বলেন, স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































