জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গোপালগঞ্জে পূর্বঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশাসন ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছেন। বৃহস্পতিবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, “প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে পদক্ষেপ নিতো, তাহলে এ পরিস্থিতি তৈরি হতো না। এ দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে।”
নাহিদ ইসলাম পোস্টে উল্লেখ করেন, গোপালগঞ্জে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালিয়েছে। তিনি আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে বলেন, “আওয়ামী লীগ গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চায়।”
তিনি জানান, গোপালগঞ্জের মানুষের বৈষম্য বিরোধী অবস্থানে দল দৃঢ় এবং মুজিববাদ থেকে এলাকাকে মুক্ত করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার আইনি ও বিচারিক পথে চান, তবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার ব্যর্থতার কারণে পরিস্থিতি জটিল হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জ সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলা
নাহিদ জানান, গোপালগঞ্জে শান্তিপূর্ণ পথসভা শেষে ফেরার পথে আক্রমণের মুখে পড়া সত্ত্বেও দল নিরাপত্তাবাহিনীর নির্দেশ মেনে সেখান থেকে বেরিয়ে এসেছে। তিনি চারজনের মৃত্যুর কথা উল্লেখ করে সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় শাস্তির দাবি জানান।
নাহিদ ইসলাম জানান, “আমরা আবার গোপালগঞ্জে যাবো এবং প্রতিটি উপজেলা ও গ্রামে কর্মসূচি চালাবো। শহীদ বাবু মোল্লা ও রথীন বিশ্বাসের গোপালগঞ্জ পুনরুদ্ধার করবো।” তিনি ফরিদপুরে পদযাত্রায় দেখা হবে বলে জানিয়ে শহীদদের রক্তের শপথ নিয়ে মুজিববাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































