সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ইস্যুতে জামায়াত ইসলামীর আন্দোলন দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেছেন, “কারও ভুল রাজনীতির কারণে দেশে পতিত স্বৈরাচার যেন ফিরে না আসে।”
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের সব রাজনৈতিক দলকে সোচ্চার থাকার আহ্বান জানান।
আমীর খসরু বলেন, “আন্দোলনের কর্মসূচি দেওয়ার মাধ্যমে জামায়াত প্রমাণ করছে যে তারা জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি সম্মান দেখাচ্ছে না এবং নির্বাচনকে অগ্রাহ্য করছে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে। যারা ভোট বানচালের ষড়যন্ত্র করবে, তারা জনগণের আস্থা হারাবে।”
আরও পড়ুন: রাজনৈতিক দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদের নিয়ে হবে: সালাহউদ্দিন
তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। “দেশের রাজনৈতিক দলগুলোর উচিত দেশ ও গণতন্ত্র রক্ষায় একযোগে কাজ করা এবং অস্থিরতা এড়ানোর প্রতি গুরুত্ব দেওয়া।”







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































