লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী কর্মী মিস দীপালির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মন্ত্রণালয়ের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এ হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।
বিবৃতিতে আরও বলা হয়, বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক মিস দীপালির মৃত্যুতে গভীর শোক ও নিন্দা জানিয়েছে সরকার। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে সরকার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিহত দীপালির পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুকূল হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য,গত বুধবার বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় নিহত হন প্রবাসী বাংলাদেশি নারী দীপালী। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































