বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে দ্রুত পরিবর্তন নিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটি কোনো নতুন ঘটনা নয়। নতুন সরকার ক্ষমতায় আসার পর অনেক ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং এটিও তারই অংশ।
সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে।” গভর্নর পদে এত দ্রুত পরিবর্তনের কোনো বিশেষ কারণ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এর বিশেষ কোনো কারণ নেই।”
এর আগে আজ বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে সরকার বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে। একই সঙ্গে মো. মোস্তাকুর রহমানকে (এফসিএমএ) চার বছরের জন্য নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুসারে, তাঁকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান
ড. আহসান এইচ মনসুরকে ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের সময় গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছিল। মো. মোস্তাকুর রহমান পেশায় ব্যবসায়ী ও হিসাববিদ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। তিনি গার্মেন্টস খাতের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন ব্যবসায়িক সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ব্যাংকিং খাতে আস্থা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা তাঁর সবচেয়ে বড় অগ্রাধিকার হবে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































