প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম-newsedge24

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট জানিয়েছেন, “আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেই। কোনো শক্তির সাধ্য নেই এই নির্বাচন প্রতিহত করার। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন হবে।” শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং তার দলের বিষয়। সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই।”

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি কঠোর ভাষায় বলেন, “জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর দল। তারা এখনো নিষিদ্ধ হয়নি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেবে—আওয়ামী লীগ যত অপকর্ম করেছে, তার বেশিরভাগই জাতীয় পার্টির সহযোগিতায় হয়েছে।”

‘মাইনাস ফোর ফর্মুলা’র গুঞ্জন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “যারা এই মাইনাস ফোরের কথা বলছে, তারা মূলত স্বৈরাচারের দোসর দল থেকেই উঠে এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই এমন কোনো সিদ্ধান্ত বা ধারণার কথা বলা হয়নি। যারা মাইনাস হয়েছে, তারা হত্যাযজ্ঞ-গণহত্যায় জড়িত থাকার কারণেই মাইনাস হয়েছে। আমরা কাউকে মাইনাস করিনি।”

আরও পড়ুন: গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলগুলোও জনগণের কাছে ওয়াদাবদ্ধ: সিইসি

তিনি জোর দিয়ে বলেন, “২০২৪ সালের জুলাইয়ে ফ্যাসিস্ট সরকারের হাতে যে গণহত্যা হয়েছে, তার বিচার হবেই। এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যার চিত্র প্রমাণিত হয়েছে। দোষীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *