ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কয়েকটি তারিখ ও তথ্যে পরিবর্তন এনে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শনিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এই সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।
সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১(১) অনুসারে জাতীয় সংসদ গঠনের উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের সময়সূচি ঘোষণা সম্বলিত গত ১১ ডিসেম্বরের বাংলাদেশ গেজেটে সংশোধন আনা হয়েছে।
সংশোধনের বিস্তারিত বিবরণ:
- গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় ২য় ও ৩য় লাইনে উল্লিখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ ও চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে।
- মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখের বিপরীতে উল্লিখিত ২১-২৭ পৌষ, ৫-১১ জানুয়ারি, সোমবার-রোববারের পরিবর্তে ২১-২৫ পৌষ, ৫-৯ জানুয়ারি, সোমবার-শুক্রবার প্রতিস্থাপিত হয়েছে।
- আপিল নিষ্পত্তির তারিখের বিপরীতে উল্লিখিত ২৮ পৌষ-৪ মাঘ, ১২-১৮ জানুয়ারি, সোমবার-রোববারের পরিবর্তে ২৬ পৌষ-৪ মাঘ, ১০-১৮ জানুয়ারি, শনিবার-রোববার প্রতিস্থাপিত হয়েছে।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































