আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। শনিবার ইসির অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
এর আগে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি বিকেলে ইসিতে আপিল করেন তাসনিম জারা। গত শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
এদিকে নির্বাচন কমিশনে আজ থেকে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে। প্রধান নির্বাচন কমিশনারসহ ফুল কমিশন এই শুনানি গ্রহণ করবেন।
শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে এই আপিল শুনানি চলবে।
আরও পড়ুন: এনসিপি ছেড়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেন তাসনিম জারা
গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০টি সংসদীয় আসনে দাখিল করা ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। তাদের সেই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আগামী কয়েক দিনের শুনানিতে আরও অনেক প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































