শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি-newsedge24

দলীয় প্রতীকবিহীন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়েও বেশি চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) দুপুরে লক্ষ্মীপুরের দিঘলী ইউনিয়নে হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী এ্যানি বলেন, তৃণমূল পর্যায়ে সত্যিকারের জনপ্রতিনিধি নিশ্চিত করা এখন সময়ের দাবি। এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো দলীয় মার্কা থাকবে না, যা নির্বাচনকে আরও প্রতিযোগিতামূলক ও কঠিন করে তুলবে।

মন্ত্রী বলেন, দেশে নির্বাচিত স্থানীয় প্রতিনিধি না থাকায় তৃণমূল পর্যায়ে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং মানুষ পদে পদে সমস্যার সম্মুখীন হচ্ছে। বিগত ১৭-১৮ বছরের অপশাসনের ফলে গ্রামীণ অবকাঠামো ভেঙে পড়েছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং জনবান্ধব, তাদেরই প্রার্থী হতে হবে। দলের ভেতর একাধিক প্রার্থী হয়ে নিজেদের ভোট নষ্ট না করার পরামর্শ দেন তিনি। অনেক এলাকায় বর্তমান প্রতিনিধিরা পলাতক বা কাজ করার সুযোগ পাচ্ছেন না উল্লেখ করে তিনি বলেন, যারা বর্তমানে দায়িত্বে আছেন তাদের সহযোগিতা করতে হবে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সতর্ক করে বলেন, “ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে জনগণের ভাগ্য জড়িত। তারা ভালো হলে এলাকার অবস্থা ভালো হবে, অন্যথায় আমরা বিপদে পড়ব। তাই এখন থেকেই সঠিক প্রার্থী বাছাইয়ে সজাগ থাকতে হবে।”

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী এবং সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *