ইতালির রোমে বাংলাদেশি পরিবার-01031-NewsEdge24

ইতালির রাজধানী রোমের অরেলিও এলাকায় নিজ বাসায় এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শুক্রবার ইতালির স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে ভিয়া মন্টিগ্লিও এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতরা হলেন- সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চরকাঁকড়া ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) এবং ৫ বছর বয়সী মেয়ে।

ঘটনায় গুরুতর আহত হয়েছেন কামাল উদ্দিন বাবুলের ২০ বছর বয়সী ছেলে। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কামালের ভাতিজা আফনান হোসেন নাইম জানান, ইতালিতে থাকা আত্মীয়দের সূত্রে খবর পেয়েছেন। হত্যাকাণ্ডের সময় অ্যাপার্টমেন্ট থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

ইতালীয় সংবাদমাধ্যম জানায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মারা যান কামাল, তার স্ত্রী ও শিশুকন্যা। আহত ছেলে প্রাণ বাঁচাতে বাসা থেকে বেরিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

ঘটনার পরপরই রোম পুলিশ ও ইতালির বিশেষ বাহিনী কারাবিনিয়েরি ঘটনাস্থলে পৌঁছে এলাকায় নিরাপত্তা জোরদার করে অভিযান শুরু করেছে। হামলাকারীকে গ্রেপ্তারে ব্যাপক তল্লাশি চলছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত

রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “অত্যন্ত নৃশংসভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুরো এলাকা ঘিরে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *