রাজধানীসহ সারাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে পুলিশ সদরদপ্তরের নির্দেশনার পর রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে এ নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন।
শনিবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা এ ধরনের তথ্য পেয়েছি এবং সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্সসহ আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।” তিনি আরও বলেন, “আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।”
ব্রিফিংয়ে তিনি জানান, এসএসসি পরীক্ষা-২০২৬ এর প্রশ্নপত্র ফাঁসের নামে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। তবে তাদের দেওয়া প্রশ্নের সঙ্গে প্রকৃত প্রশ্নপত্রের কোনো মিল পাওয়া যায়নি। এ ঘটনায় দেশের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে পুলিশ সদরদপ্তরের একটি চিঠিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠন সম্ভাব্য নাশকতার পরিকল্পনা করতে পারে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তারা জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা—জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, সম্ভাব্য হামলায় বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































