অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশ করাকে অসাংবিধানিক ও নারীর প্রতি চরম বৈষম্য বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি আদালত সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন।
রায়ে আদালত পর্যবেক্ষণ করেন যে, এ ধরনের কার্যক্রম শুধু অনৈতিকই নয়, এটি কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়িয়ে সামাজিক ভারসাম্য নষ্ট করে। এটি নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন।
আদালত স্পষ্ট জানিয়েছেন, এই চর্চা সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
আরও পড়ুন: জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
রায়ে আরও বলা হয়, বাংলাদেশে এ বিষয়ে দীর্ঘদিন ধরে কার্যকর নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা ছিল না। শুধু গাইডলাইন প্রণয়ন করলেই চলবে না, বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি ও কঠোর তদারকি ব্যবস্থা না থাকলে এই অনৈতিক চর্চা বন্ধ করা সম্ভব নয়।























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































