সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় শৃঙ্খলা ফেরাতে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বদলি সংক্রান্ত আবেদন পর্যালোচনার জন্য চার পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটির মাধ্যমে নিষ্পত্তিযোগ্য আবেদনও অনেক শিক্ষক সরাসরি জাতীয় কমিটিতে জমা দিচ্ছেন। কিছু ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটির সদস্যসচিবরা আবেদন গ্রহণ না করায় শিক্ষকরা বাধ্য হয়ে জাতীয় কমিটিতে আবেদন করছেন, যা অনাকাঙ্ক্ষিত।
এতে সরকারি কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, প্রতিটি কমিটি নিজ নিজ এখতিয়ারভুক্ত আবেদন গ্রহণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জাতীয় কমিটির এখতিয়ারাধীন আবেদন অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হবে। অন্যথায় সেসব আবেদনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































