রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সদস্য বা জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের তেজগাঁও থানার হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, ‘কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়েছে। আমরা সন্দেহ করছি, তারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত।’
আটকদের বিষয়ে যাচাই-বাছাই করতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন বলে জানান তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে যাচাই-বাছাই চলছে। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
তবে আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘তেজগাঁও মসজিদ থেকে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।’






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































