কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন সিএনজি পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ট্রাকের উপর থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান এবং ছয়জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাতজনের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































