হাদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল-newsedge24

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে ডিএমপি। তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। রোববার বিকালে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, এর মধ্যে মাসুদ গুলি করেছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন।
এদিকে এ ঘটনায় হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকসহ জড়িত সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে মোটরসাইকেল ও দুই হামলাকারীর পাসপোর্ট।

অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ন্যক্কারজনক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ইতিমধ্যে জড়িত দুই হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ও মো. আলমগীর শেখ। ঘটনার তদন্তে জানা যায়, হামলাকারী সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভুক্তভোগী শরিফ ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারে ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে ও অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুন: ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ

সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার হতে না পারে সেজন্য তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদেরকে গ্রেপ্তারে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *