রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দুই আসামিকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে।
রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ৪ জুন যুক্তিতর্ক শুনানি শেষে আজকের দিন রায় ঘোষণার জন্য ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন।
আত্মপক্ষ সমর্থনে সোহেল রানা আদালতে ক্ষমা চেয়ে বলেন, “আমার বউ নির্দোষ।” স্বপ্না আক্তার বলেন, “আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ।”
আরও পড়ুন: রামিসা হত্যা মামলায় নতুন মোড়, ‘ডলার’কে দায়ী করলেন সোহেল
প্রসঙ্গত, গত ১৯ মে পল্লবীতে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধারের পর আসামিদের গ্রেপ্তার করা হয়। সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মাত্র পাঁচ দিনের মাথায় ২৪ মে পুলিশ চার্জশিট দাখিল করে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































