কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনালে আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, “এয়ারপোর্ট থেকে আসার পথে আমি সালাহউদ্দিন আহমদ সাহেবকে জিজ্ঞাসা করলাম, এই সোজা রাস্তাটা কোথায় গেছে? তিনি বললেন, চট্টগ্রামে। আমি বললাম, ২৫ বছর আগে যা দেখে গিয়েছিলাম, আজও তো একই রকম রয়ে গেছে।”
তিনি আরও বলেন, “এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আমরা ইনশাআল্লাহ দ্রুতই কাজ শুরু করব। চট্টগ্রাম থেকে কক্সবাজার রাস্তাটি চার লেন থেকে ছয় লেন করা হবে।” মাতারবাড়ি বন্দর শিগগির চালু হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আনোয়ারা-পটিয়া-বাঁশখালী সড়কও বড় করা হবে।
প্রধানমন্ত্রী জনগণের দীর্ঘ অপেক্ষার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, এয়ারপোর্ট থেকে পেকুয়াসহ বিভিন্ন জায়গায় আধা মাইল পরপর মানুষ অপেক্ষা করছিলেন। তাদের সঙ্গে কথা বলে, হাত নাড়িয়ে আসতে গিয়ে দেরি হয়েছে।
তিনি লবণ চাষীদের প্রসঙ্গে বলেন, ঈদের আগে পত্রিকায় খবর দেখে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে চাষীরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান। শিগগিরই দাম নির্ধারণ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাজেটে চাল, ডাল, তেল, চিনি, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে। কিডনি, হৃদরোগ ও ছানি অস্ত্রোপচারের সরঞ্জামের ওপর কর কমানো হয়েছে। তিনি এটিকে ‘জনগণের পক্ষের বাজেট’ বলে অভিহিত করেন এবং বিরোধীদলের সমালোচনার জবাব দেন।
তিনি ঘোষণা দেন, দেশের প্রত্যেক উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে, যাতে গ্রামের মানুষকে চট্টগ্রাম বা ঢাকায় যেতে না হয়।
আরও পড়ুন: দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবে বিএনপি: প্রধানমন্ত্রী
জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জনসভাটি হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































